অবরোধের প্রথম দিনে জবি

তমা ইসলাম,জবি প্রতিনিধি:

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচির প্রথম দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নারায়ণগঞ্জ রুটের শিক্ষার্থী বহনকারী দ্বিতল বিশিষ্ট বিআরটিসি ‘স্বপ্নচূড়া’ বাসে পাথর নিক্ষেপ করে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

 

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল আটটার সময় নারায়ণগঞ্জ থেকে শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে যাওয়ার পথে শ্যামপুর থানাধীন জুরাইন রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী বাসে অবস্থানরত জবি শিক্ষার্থী শেখ মারুফ জানান, হামলাকারীরা ইটপাটকেল লুকিয়ে রেখোছিলো। তাদের দেখে মনে হয়নি তারা অবরোধ কর্মসূচি পালন করছে। বাসটি তাদের নিকট আসলে ইটপাটকেল ছুড়ে অতর্কিত হামলা করে। এতে বাসের জানালা-কাঁচ ভেঙে যায়। বাসে আনুমানিক ২০জন শিক্ষার্থী ছিলো। উপরের তলায় হামলা হওয়ায় কেউ আহত হয়নি।

 

স্বপ্নচূড়া বাসের চালক মুজিবুর রহমান বলেন, শিক্ষার্থীদের বহনকারী বাসটি যখন গেন্ডারিয়া স্টেশন অতিক্রম করে আসছিল তখন পাশেই কিছু লোক রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছিল। আমাদের বাস সেখানে দাঁড় করালে তারা আমাকে আশ্বস্ত করে, শিক্ষার্থীদের বাসে কোন ধরণের সমস্যা হবে না। কিন্তু বাস চালিয়ে কিছু দূরে আসতেই তারা অতর্কিত ঢিল ছুড়ে মারে। ফলে স্বপ্ন চূড়া বাসের ডান পাশের পিছনের পাশের দুটি কাঁচ ও পিছনের একটি কাঁচ ভেঙ্গে যায়।

 

বাসে থাকা শিক্ষার্থীরা বলেন, কয়েকদিন যাবৎ রাজধানীতে চলমান সহিংসতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা না করে বাস চলাচলের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজকের এই ঘটনার পর শিক্ষার্থীদের মাঝে আতংক সৃষ্টি হয়েছে। যেই প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পারে না ধিক্কার জানাই তাদের।

 

বাসে হামলার বিষয়ে বিশ্ববিদ্যালয় পরিবহন প্রশাসক অধ্যাপক ড. সিদ্ধার্থ ভৌমিক বলেন, আমি এখনো বিষয়টি সম্পর্কে অবগত নেই। তবে খোঁজ নিয়ে দেখছি আমি।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, আমরা বিষয়টি অবগত হয়েছি। এটা রাষ্ট্রীয় সম্পদ তাছাড়াও বড় কথা হলো বাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিলো। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি এবং সে বিষয়ে কাজ চলমান।

 

এ বিষয়ে শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, আমরা ঘটনাটি জানার পর খতিয়ে দেখতেছি। আমরা মনে করছি এটা কারা করেছে তা এখনো নিশ্চিত হতে পারি নি। এ রেলগেটের আশেপাশে অনেক অবচেতন ও কিছু দুষ্কৃতিকারী লোকজন থাকে। তারা প্রায়ই এ ধরনের ঘটনা ঘটায়। তারপরও আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঠক প্রিয়