back to top

রবিবার, ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার বিরুদ্ধে ৯ গুলির অভিযোগ, তদন্তে বেরিয়ে এলো ভুয়া চিকিৎসার নথি!

নিজস্ব প্রতিবেদক
৩১ অক্টোবর ২০২৬ ২:২৮ অপরাহ্ণ

জুলাই আন্দোলনের সময় শরীরে নয়টি গুলি লেগে আহত হওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৬ জনের বিরুদ্ধে মামলা করেছিলেন নূর হোসেন নামে এক যুবক। তবে পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে ভিন্ন তথ্য। তদন্তে দেখা গেছে, ওই যুবক আদৌ আহত হননি। এমনকি মামলার সঙ্গে জমা দেওয়া চিকিৎসার কাগজপত্রও ভুয়া।

এ ঘটনায় করা মামলায় শেখ হাসিনাসহ ৮৪ জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা। গত ২৯ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) উক্যমং রাখাইন আদালতে এ প্রতিবেদন জমা দেন।

তদন্ত কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাদী ভুয়া মেডিকেল সার্টিফিকেট দিয়ে মামলা করেছেন। আসামিদের অব্যাহতির সুপারিশ করে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

মামলার আসামিদের মধ্যে আটজনকে গ্রেপ্তার দেখানো হলেও তাদের কেউই এ মামলায় নতুন করে গ্রেপ্তার হননি। তারা আগে থেকেই অন্য মামলায় কারাগারে ছিলেন। পরে তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন বলে জানান তদন্ত কর্মকর্তা।

বাদী নূর হোসেনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে এসআই উক্যমং রাখাইন বলেন, পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত এমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে আদালত চাইলে এ বিষয়ে ব্যবস্থা নিতে পারেন।

২৭ বছর বয়সী নূর হোসেনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

গত বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে মামলার তদন্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান জানান, আদালত চূড়ান্ত প্রতিবেদনটি দেখেছেন এবং বাদীর প্রতি নোটিশ জারির আদেশ দিয়েছেন। আগামী ১ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

অব্যাহতির সুপারিশ পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি রিয়াজ মাহমুদ, সাবেক সহসভাপতি সলিম উল্লাহ পাটোয়ারী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ সলু, মিলন হোসেন, মহিলা লীগ নেত্রী ইসরাত জাহান তামান্না ও স্বপ্না খন্দকারসহ অন্যরা।

তদন্তে বেরিয়ে আসে চিকিৎসার কাগজপত্রের অসংগতি

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, মামলার এজাহারের সঙ্গে নূর হোসেন বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেওয়ার কিছু কাগজপত্র জমা দিয়েছিলেন। কিন্তু যাচাই-বাছাই করে দেখা যায়, ওই হাসপাতালে কোনো চিকিৎসকের কাছেই চিকিৎসা নেননি তিনি।

তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, জমা দেওয়া কাগজপত্রগুলো হাসপাতালের প্রকৃত নথি নয়। এর পক্ষে দুটি গুরুত্বপূর্ণ অসংগতি পাওয়া গেছে।

প্রথমত, হাসপাতালের জরুরি বিভাগের ব্যবস্থাপত্র কম্পিউটারে টাইপ করা হয় না; চিকিৎসকেরা হাতে লিখে থাকেন। অথচ মামলায় জমা দেওয়া কাগজপত্রে এর ব্যত্যয় পাওয়া গেছে।

দ্বিতীয়ত, নূর হোসেনের ব্যবহৃত ক্যাশ মেমো নম্বর দিয়ে ওই হাসপাতালে ৫৪ বছর বয়সী আব্দুস সাত্তার নামে একজন চিকিৎসা নিয়েছেন। অন্যদিকে, তার ব্যবহৃত আইডি নম্বরের বিপরীতে ৩২ বছর বয়সী জুয়েল নামে আরেকজন রোগীর তথ্য পাওয়া গেছে।

এ ছাড়া জুলাই অভ্যুত্থান-২০২৪-এ আহত ব্যক্তিদের সরকারি গেজেটেও নূর হোসেনের নাম পাওয়া যায়নি। এসব তথ্যের ভিত্তিতে তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, নূর হোসেন প্রকৃতপক্ষে আহত হননি এবং আহত হওয়ার মিথ্যা ঘটনা সাজিয়ে মামলা করেছেন বলে তদন্তে প্রতীয়মান হয়েছে।

তদন্ত, সাক্ষ্যপ্রমাণ ও ঘটনার পারিপার্শ্বিকতা বিবেচনায় মামলার অভিযোগ মিথ্যা বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলেও চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়।

মামলা নিয়ে আইনজীবীদের বক্তব্য

মামলার আসামি মিলন হোসেনের আইনজীবী এ এইচ এম হাসিবুজ্জামান হাসিব বলেন, শুধু এই মামলা নয়, বিভিন্ন সময় এ ধরনের মামলা সামনে এসেছে। রাজনৈতিক চাপ কিংবা ফায়দা নেওয়ার উদ্দেশ্যে অনেককে মামলায় আসামি করা হয়েছে। এতে শত শত মানুষ হয়রানির শিকার হয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

তিনি আরও বলেন, তারাও জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন এবং আন্দোলন-সংক্রান্ত মামলার সুষ্ঠু বিচার চান। তবে যারা প্রকৃতপক্ষে ঘটনার সঙ্গে জড়িত, তাদেরই আইনের আওতায় আনা উচিত। নিরপরাধ মানুষকে হয়রানি ও কারাবরণের শিকার হওয়া অপ্রত্যাশিত।

অন্যদিকে, মামলায় আইনজীবী জান্নাতুল বর্ণা সুমির ওকালতনামা ব্যবহার করা হয়েছিল। এ বিষয়ে তিনি বলেন, অনেক সময় সিনিয়র আইনজীবীরা জুনিয়রদের ওকালতনামা ব্যবহার করে মামলা করেন। জুলাই আন্দোলনের মামলা ঘিরে যে বাণিজ্য হয়নি, তা বলা যাবে না। তবে তিনি নিজে এসবের সঙ্গে জড়িত ছিলেন না বলে দাবি করেন।

তার ভাষ্য, অনেক সময় মক্কেলরা আইনজীবীদের কাছে প্রকৃত ঘটনা তুলে ধরেন না।

মামলার এজাহারে ছিল নয়টি গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ

২০২৪ সালের ১ ডিসেম্বর হত্যাচেষ্টার অভিযোগ এনে শেখ হাসিনাসহ ৭৬ জনের বিরুদ্ধে মামলাটি করেন নূর হোসেন।

এজাহারে তিনি দাবি করেন, ২০২৪ সালের ৪ আগস্ট বিকেল ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডসংলগ্ন ময়ূর ভিলা এলাকায় আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি।

সে সময় আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ ও গুলি চালানো হয় বলে অভিযোগ করেন তিনি। এজাহার অনুযায়ী, তার পিঠে ছয়টি, বাম পায়ের হাঁটুর ওপরে দুটি এবং ডান পায়ের হাঁটুর পাশে একটি গুলি লাগে। অর্থাৎ শরীরে মোট নয়টি গুলি লাগার দাবি করেছিলেন তিনি।

এজাহারে আরও বলা হয়, গুলিবিদ্ধ হয়ে তিনি রাস্তায় পড়ে যান। এ সময় আসামিরা তাকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে আসামিদের ভয়ে হাসপাতাল কর্তৃপক্ষ পরবর্তী চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করে বলে অভিযোগ করেন তিনি।

তবে দীর্ঘ তদন্ত শেষে বাদীর আহত হওয়ার দাবির পক্ষে কোনো সত্যতা পায়নি পুলিশ। বরং চিকিৎসার কাগজপত্রে অসংগতি ও জালিয়াতির তথ্য উঠে আসায় মামলার অভিযোগ মিথ্যা বলে উল্লেখ করে শেখ হাসিনাসহ ৮৪ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। এখন আদালতের পরবর্তী শুনানির দিকে তাকিয়ে রয়েছে মামলাটি।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

এবার জেন জি বিক্ষোভে উত্তপ্ত জার্মানির রাজপথ

শিক্ষাব্যবস্থায় বিনিয়োগ বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় কমানো এবং বাধ্যতামূলক সামরিক...

তাহসিফের মৃত্যুতে ‘বন্ধু’ দীপের জড়িত থাকার প্রমাণ মিলেছে, বারের সেই তরুণীও গ্রেপ্তার

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ...

পাঁচটির বেশি ই-রিকশার মালিক হওয়া যাবে না, নতুন বিধিমালা জারি 

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার রিকশা ও ই-রিকশা...

৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী

বয়স যে কখনোই শিক্ষার পথে বাধা হতে পারে না,...

হঠাৎ মশাল হাতে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী

রাজধানীর কল্যাণপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মশাল মিছিলের ঘটনা ঘটেছে।...

এবার জেন জি বিক্ষোভে উত্তপ্ত জার্মানির রাজপথ

শিক্ষাব্যবস্থায় বিনিয়োগ বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় কমানো এবং বাধ্যতামূলক সামরিক...

তাহসিফের মৃত্যুতে ‘বন্ধু’ দীপের জড়িত থাকার প্রমাণ মিলেছে, বারের সেই তরুণীও গ্রেপ্তার

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ...

পাঁচটির বেশি ই-রিকশার মালিক হওয়া যাবে না, নতুন বিধিমালা জারি 

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার রিকশা ও ই-রিকশা...

৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী

বয়স যে কখনোই শিক্ষার পথে বাধা হতে পারে না,...

হঠাৎ মশাল হাতে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী

রাজধানীর কল্যাণপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মশাল মিছিলের ঘটনা ঘটেছে।...

সর্বশেষ

এবার জেন জি বিক্ষোভে উত্তপ্ত জার্মানির রাজপথ

শিক্ষাব্যবস্থায় বিনিয়োগ বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় কমানো এবং বাধ্যতামূলক সামরিক...

তাহসিফের মৃত্যুতে ‘বন্ধু’ দীপের জড়িত থাকার প্রমাণ মিলেছে, বারের সেই তরুণীও গ্রেপ্তার

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ...

পাঁচটির বেশি ই-রিকশার মালিক হওয়া যাবে না, নতুন বিধিমালা জারি 

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার রিকশা ও ই-রিকশা...

৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী

বয়স যে কখনোই শিক্ষার পথে বাধা হতে পারে না,...