ফেসবুকে ছবি, ভিডিও কিংবা লেখা পোস্ট করা এখন দৈনন্দিন জীবনের অংশ। তবে প্ল্যাটফর্মটিতে সব ধরনের কনটেন্ট প্রকাশের অনুমতি নেই। কিছু পোস্ট সরাসরি ফেসবুকের নীতিমালা লঙ্ঘন করতে পারে। গুরুতর বা বারবার নিয়ম ভাঙলে শুধু পোস্ট মুছে দেওয়া নয়, অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা এমনকি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার ঝুঁকিও থাকে।
তাই ফেসবুকে কী ধরনের কনটেন্ট পোস্ট করা থেকে বিরত থাকা উচিত, তা জানা গুরুত্বপূর্ণ।
হুমকি ও সহিংসতার কনটেন্ট
কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে হত্যার হুমকি দেওয়া, গুরুতরভাবে আঘাত করার কথা বলা কিংবা সহিংসতায় উৎসাহিত করা ফেসবুকের নীতিমালার আওতায় পড়ে। একইভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড বা সহিংস সংগঠনকে সমর্থন, প্রশংসা কিংবা প্রচার করাও সমস্যার কারণ হতে পারে।
তবে সংবাদ, শিক্ষামূলক আলোচনা বা কোনো ঘটনার সমালোচনার ক্ষেত্রে প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ। তাই এমন কনটেন্ট প্রকাশের সময় বিষয়টি স্পষ্টভাবে উপস্থাপন করা প্রয়োজন, যাতে সেটিকে সহিংসতার প্রচার হিসেবে ভুল বোঝার সুযোগ না থাকে।
নগ্নতা ও যৌন কনটেন্ট
অশ্লীল বা স্পষ্ট যৌন কনটেন্ট ফেসবুকে নিষিদ্ধ বা সীমিত হতে পারে। বিশেষ করে যৌন কর্মকাণ্ডের স্পষ্ট ছবি বা ভিডিও, যৌন শোষণ এবং শিশুদের যৌন কনটেন্ট অত্যন্ত গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে। এ ধরনের কনটেন্ট প্রকাশ করলে অ্যাকাউন্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।
ঘৃণামূলক বক্তব্য
ধর্ম, জাতি, জাতীয়তা, লিঙ্গ বা অন্য কোনো সুরক্ষিত বৈশিষ্ট্যের ভিত্তিতে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে হেয় করা, অমানবিক হিসেবে উপস্থাপন করা কিংবা তাদের বিরুদ্ধে সহিংসতায় উসকানি দেওয়ার মতো বক্তব্যও নীতিমালা লঙ্ঘন করতে পারে।
মতামত প্রকাশের সুযোগ থাকলেও কাউকে আক্রমণ বা অপমান করার জন্য ঘৃণামূলক ভাষা ব্যবহার করলে অ্যাকাউন্ট ঝুঁকিতে পড়তে পারে।
প্রতারণা ও ক্ষতিকর ভুয়া তথ্য
ভুয়া অফার, প্রতারণামূলক লিংক, ফিশিং কিংবা মানুষের কাছ থেকে টাকা বা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে কোনো পোস্ট করাও ঝুঁকিপূর্ণ।
বিশেষ করে ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা কোনো প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করে প্রতারণামূলক পোস্ট করলে শুধু ফেসবুক অ্যাকাউন্ট নয়, আইনি জটিলতাও তৈরি হতে পারে।
অন্যের কনটেন্ট অনুমতি ছাড়া ব্যবহার
অন্যের ছবি, ভিডিও, গান বা লেখা অনুমতি ছাড়া নিজের নামে প্রকাশ করাও সমস্যার কারণ হতে পারে। কপিরাইট লঙ্ঘনের অভিযোগ এলে কনটেন্ট সরিয়ে দেওয়া হতে পারে। একই ধরনের লঙ্ঘন বারবার হলে অ্যাকাউন্টে আরও কঠোর সীমাবদ্ধতা আসতে পারে।
শুধু একটি পোস্ট নয়, অ্যাকাউন্টের সামগ্রিক আচরণও গুরুত্বপূর্ণ
কোনো একটি পোস্ট মুছে ফেলা হলেই যে অ্যাকাউন্ট অবশ্যই ব্যান হবে, এমন নয়। ফেসবুক সাধারণত কনটেন্টের ধরন, লঙ্ঘনের মাত্রা, আগের রেকর্ডসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে ব্যবস্থা নিতে পারে। একই ধরনের নিয়ম বারবার ভাঙলে শাস্তি আরও কঠোর হতে পারে।
তাই ফেসবুকে কিছু পোস্ট করার আগে কনটেন্টটি হুমকি, ঘৃণামূলক বক্তব্য, যৌন শোষণ, প্রতারণা, সহিংসতা বা কপিরাইট লঙ্ঘনের সঙ্গে যুক্ত কি না, তা যাচাই করে নেওয়া ভালো।
বিতর্কিত কোনো বিষয় নিয়ে পোস্ট করলেও তথ্যের উৎস ও প্রেক্ষাপট পরিষ্কার রাখা জরুরি। এতে ভুল বোঝাবুঝি ও অপ্রয়োজনীয় ঝুঁকি কমার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারও আরও নিরাপদ হবে।
আরু|



