আগামী ৩ অক্টোবর থেকে মাঠে গড়াবে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) নতুন মৌসুম। চার দিনের এই টুর্নামেন্টে অংশ নেবে দেশের আটটি বিভাগ। এরই মধ্যে দলগুলোর প্রধান কোচ, সহকারী কোচসহ অন্যান্য কর্মকর্তার নামও চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এবার জাতীয় লিগে যুক্ত হচ্ছে নতুন এক আয়োজন। টেস্ট ক্রিকেটের ঐতিহ্য অনুসরণ করে আগামী আসর থেকে এনসিএলের ক্রিকেটারদেরও দেওয়া হবে ‘সবুজ ক্যাপ’। প্রতিটি বিভাগের জন্য আলাদা ডিজাইনের ক্যাপ তৈরি করা হচ্ছে। সেই অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগের ক্রিকেটাররা ক্যাপ পাবেন।
এ ছাড়া আট বিভাগের অধিনায়ককে আগামী বুধবার বিশেষভাবে দেওয়া হবে ‘ব্যাগি গ্রিন’ ক্যাপ। নিজ নিজ বিভাগের সাবেক একজন ক্রিকেটার অধিনায়কদের হাতে এই ক্যাপ তুলে দেবেন বলে জানিয়েছেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দিন আলমগীর।
এদিকে এনসিএলকে সামনে রেখে এরই মধ্যে কোচদের অধীনে ক্যাম্প শুরু হয়েছে। শিগগিরই শুরু হবে স্কিল ক্যাম্প। এরপর আট বিভাগের ক্রিকেটারদের নিয়ে আয়োজন করা হবে ফিটনেস ক্যাম্প।
আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর জাতীয় ফুটবল স্টেডিয়ামের অ্যাথলেটিক টার্ফে অনুষ্ঠিত হবে ফিটনেস টেস্ট। এবার এই পরীক্ষায় পাসের অন্যতম প্রধান শর্ত রাখা হয়েছে ৭ মিনিটের মধ্যে ১ মাইল বা ১ হাজার ৬০০ মিটার দৌড় শেষ করতে হবে।
ক্রিকেটারদের অ্যারোবিক ফিটনেস ও স্ট্যামিনা যাচাইয়ে বিসিবি এবার এই কঠোর মানদণ্ড নির্ধারণ করেছে। ফিটনেস টেস্টে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ক্রিকেটারকে এনসিএলে খেলার জন্য বিবেচনা করা হবে না।
আরু|



