দক্ষিণ-পূর্ব এশিয়ার ফুটবলে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া ফিফা আসিয়ান কাপ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার উদ্বোধনী ট্রফি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত ‘ইন্দোনেশিয়া স্পোর্টস সামিট’ চলাকালে উন্মোচন করা হয় ফিফা আসিয়ান কাপের ট্রফি। প্রথমবারের এই প্রতিযোগিতাকে ঘিরে এরই মধ্যে পুরো অঞ্চলে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতিও পেল আনুষ্ঠানিক মাত্রা।
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশও। ইতোমধ্যে লাল-সবুজের দলের গ্রুপ ও ম্যাচ সূচি চূড়ান্ত হয়েছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।
আগামী ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
এরপর ২৮ সেপ্টেম্বর একই সময়ে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে হামজারা।
বাংলাদেশের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে।
বাংলাদেশের ম্যাচ সূচি:
- ২৫ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম মালয়েশিয়া, বিকেল ৩টা
- ২৮ সেপ্টেম্বর – সিঙ্গাপুর বনাম বাংলাদেশ, বিকেল ৩টা
- ১ অক্টোবর – ইন্দোনেশিয়া বনাম বাংলাদেশ, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে শুরু হওয়া এই নতুন প্রতিযোগিতায় বাংলাদেশের পারফরম্যান্সের দিকেও এখন নজর থাকবে ফুটবলপ্রেমীদের।
আরু|



