লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর নতুন অধিনায়ক হিসেবে ক্রিস্টিয়ান ‘কুটি’ রোমেরোর নাম সামনে এসেছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার জানিয়েছে, মেসির পর আর্জেন্টিনা জাতীয় দলের নেতৃত্বভার নিতে যাচ্ছেন ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার।
মেসির পাশাপাশি অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিও জাতীয় দল থেকে সরে দাঁড়ানোয় আর্জেন্টিনার নেতৃত্বের কাঠামোয় বড় পরিবর্তন এসেছে। ২০২৬ বিশ্বকাপের পর মেসি ৩৯ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও তার অবসরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।
রোমেরোকে অধিনায়ক করার সিদ্ধান্ত অবশ্য একেবারে নতুন নয়। মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপের আগেই তাকে দলের তৃতীয় অধিনায়ক হিসেবে বিবেচনা করা হয়েছিল। মেসি ও ওতামেন্দির বিদায়ের পর এবার সেই নেতৃত্বের দায়িত্ব আরও বড় পরিসরে তার ওপর পড়ছে।
কোচ লিওনেল স্কালোনির নেতৃত্বাধীন আর্জেন্টিনা দলে এমিলিয়ানো মার্তিনেজ ও নিকোলাস তালিয়াফিকোর মতো অভিজ্ঞ খেলোয়াড় থাকলেও রোমেরোর ওপরই আস্থা রাখা হয়েছে। দলের ভেতরে সময়ের সঙ্গে তার নেতৃত্বের প্রভাবও বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জাতীয় দলের জার্সিতে অধিনায়কত্বের অভিজ্ঞতাও রয়েছে রোমেরোর। এর আগে চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে তিনি প্রথমবার আর্জেন্টিনাকে নেতৃত্ব দেন। পরবর্তী সময়ে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ এবং মৌরিতানিয়ার বিপক্ষেও আর্মব্যান্ড পরেছেন তিনি।
মেসির বিদায়ের মধ্য দিয়ে আর্জেন্টিনার ফুটবলে একটি স্বর্ণযুগের অবসান হয়েছে। ২০২১ কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকাসহ একাধিক বড় শিরোপা জয়ের যুগের পর এখন নতুন নেতৃত্বে এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জ রোমেরোর সামনে।
মেসির উত্তরসূরি হিসেবে আর্মব্যান্ড হাতে নিয়ে রোমেরো কতটা সফল হন, সেটিই এখন আর্জেন্টিনা সমর্থকদের বড় আগ্রহের বিষয়।
আরু|



