বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে ফুটবলপ্রেমীদের নজর কাড়ার পর নতুন ক্লাব পেয়েছেন কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনিয়া। চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলো-র সঙ্গে ১৮ মাসের চুক্তি করতে যাচ্ছেন ৪০ বছর বয়সী এই গোলরক্ষক।
শুক্রবার (২৪ জুলাই) ক্লাবটির সভাপতি আনিবাল মোসা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আগামী কয়েক দিনের মধ্যে ভোজিনিয়া চিলিতে পৌঁছে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করবেন। এরপর সান্তিয়াগোর এস্তাদিও মনুমেন্তাল স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে তাকে পরিচয় করিয়ে দেওয়া হবে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, ফ্রি এজেন্ট হিসেবে থাকা ভোজিনিয়া সব আনুষ্ঠানিকতা শেষ করেই কোলো কোলোর সঙ্গে নতুন অধ্যায় শুরু করবেন। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দুই পক্ষের মধ্যে ১৮ মাসের চুক্তি হয়েছে।
ভোজিনিয়ার আসল নাম জোসিমার দিয়াস। তবে ফুটবল বিশ্বে তিনি ‘ভোজিনিয়া’ নামেই বেশি পরিচিত। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে কেপ ভার্দেকে শেষ ৩২-এ তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। অতিরিক্ত সময়ে লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে বিদায় নিলেও তার অসাধারণ গোলরক্ষণের প্রশংসা ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে।
বিশ্বকাপে স্পেন ও আর্জেন্টিনার মতো শক্তিশালী দলের বিপক্ষে একের পর এক দুর্দান্ত সেভ করে আলোচনায় উঠে আসেন ভোজিনিয়া। তার ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে টুর্নামেন্টের সেরা একাদশেও জায়গা করে নেন তিনি।
সম্প্রচারমাধ্যম সিবিএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ভোজিনিয়া জানিয়েছিলেন, তিনি এমন একটি ক্লাবে খেলতে চান, যেখানে তাকে কেবল প্রচারণার জন্য নয়, বরং তার ফুটবল দক্ষতার যথাযথ মূল্যায়নের ভিত্তিতে দলে নেওয়া হবে। সে সময় তাকে ঘিরে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার গুঞ্জনও শোনা গিয়েছিল।
বিশ্বকাপে উজ্জ্বল পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন এই গোলরক্ষক। টুর্নামেন্ট শুরুর আগে তার অনুসারী ছিল ৫০ হাজারেরও কম। বিশ্বকাপ শেষে সেই সংখ্যা বেড়ে প্রায় ২ কোটি ৯০ লাখে পৌঁছেছে।
এদিকে ভোজিনিয়ার কোলো কোলোর সঙ্গে চুক্তির খবর সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই মনে করছেন, তার অনুপ্রেরণায় নতুন প্রজন্মের অনেক ফুটবলার গোলরক্ষক হওয়ার স্বপ্ন দেখবে। ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহামও এই চুক্তির খবরে মন্তব্য করে লিখেছেন, “The Best.”
আরু/


