কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের হাত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতা রেনু মিয়াকে সাড়ে আট ঘণ্টা পর আটক করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ছয়সূতি ইউনিয়নের নিজ এলাকা থেকে সাঁড়াশি অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এর আগে দুপুর দেড়টার দিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তারের পর হাতকড়া পরা অবস্থায় পুলিশের কাছ থেকে পালিয়ে যান তিনি।
রেনু মিয়া ছয়সূতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি ওই এলাকার ইল্লাত মিয়ার ছেলে। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে কুলিয়ারচর থানায় দায়ের করা একটি মামলার আসামি তিনি। মামলা হওয়ার পর থেকেই দীর্ঘদিন পলাতক ছিলেন।
পুলিশ জানায়, সোমবার দুপুরে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে রেনু মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের খবর পেয়ে স্থানীয় লোকজন সেখানে জড়ো হলে মানুষের ভিড় তৈরি হয়। এ সুযোগে কোনো ধরনের হট্টগোল ছাড়াই হাতকড়া পরা অবস্থায় কৌশলে পালিয়ে যান তিনি।
পরে তাকে ধরতে পুলিশের একাধিক দল অভিযান শুরু করে। প্রায় সাড়ে আট ঘণ্টার অভিযান শেষে রাত ১০টার দিকে নিজ এলাকা থেকেই তাকে আটক করা হয়।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, হাতকড়াসহ পালিয়ে যাওয়া রেনু মিয়াকে রাত ১০টার দিকে আটক করা হয়েছে। তাকে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরু|



