বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ। ১৯৪৫ সালের ১৫ আগস্ট তৎকালীন অবিভক্ত ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়ে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি লাভ করেন।
জন্মের পর পরিবারের আদরের নাম ছিল ‘পুতুল’। বাবা ইস্কান্দার মজুমদার ও মা তৈয়বা মজুমদারের সন্তান খালেদা জিয়ার শৈশব ও শিক্ষাজীবনের বড় অংশ কাটে দিনাজপুরে। দিনাজপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬০ সালে ম্যাট্রিকুলেশন পাস করেন তিনি। পরবর্তীতে দিনাজপুর সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন।
১৯৬০ সালে তরুণ সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন খালেদা জিয়া। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় স্বামী জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রেক্ষাপটে খালেদা জিয়াকেও বন্দিত্ব ও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়।
১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর রাজনীতিতে সক্রিয়ভাবে প্রবেশ করেন খালেদা জিয়া। ১৯৮২ সালের ৩ জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই দলের নেতৃত্বে গুরুত্বপূর্ণ অবস্থানে উঠে আসেন। ১৯৮৪ সালের ১০ মে তিনি বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন।
এরপর সামরিক শাসনবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন খালেদা জিয়া। ১৯৯০ সালের গণআন্দোলনের মধ্য দিয়ে এরশাদ সরকারের পতনের পর ১৯৯১ সালের নির্বাচনে বিএনপি বিজয়ী হলে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তিনি। পরবর্তীতে ১৯৯৬ ও ২০০১ সালেও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে বিএনপি দীর্ঘ সময় বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে অবস্থান ধরে রাখে।
খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের অন্যতম কঠিন অধ্যায় ছিল ২০০৭ সালের জরুরি অবস্থার সময়কার বন্দিত্ব এবং পরবর্তীতে দীর্ঘ আইনি ও রাজনৈতিক সংকট। ২০১৮ সালে দুর্নীতি মামলায় সাজা হওয়ার পর তিনি কারাবন্দী হন। পরে শর্তসাপেক্ষে মুক্তি পেলেও দীর্ঘ সময় ধরে নানা শারীরিক জটিলতার মধ্যে চিকিৎসাধীন ছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পরদিন রাষ্ট্রপতির আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর তাঁর চিকিৎসা ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে দেশে-বিদেশে ব্যাপক আলোচনা হয়।
দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়া একাধিকবার সরকার পরিচালনার পাশাপাশি বিরোধী দল ও আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তাঁর সমর্থকদের কাছে তিনি গণতন্ত্র ও জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম প্রতীক; অন্যদিকে তাঁর রাজনৈতিক ভূমিকা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে রয়েছে নানা বিতর্ক ও মতভেদ।
আরু|



