গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে আগামী ১২ থেকে ১৬ জুলাই পর্যন্ত পাঁচ দিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় প্রশাসন, আঞ্চলিক কেন্দ্র এবং সংশ্লিষ্ট সব অফিসে দাপ্তরিক কার্যক্রম স্থগিত থাকবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, ১২ জুলাই (রোববার) থেকে ১৬ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক অফিস বন্ধ থাকবে। একই সঙ্গে বিষয়টি সংশ্লিষ্ট সকলকে অবহিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও আঞ্চলিক কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, ১০ ও ১১ জুলাই (শুক্র ও শনিবার) সাপ্তাহিক সরকারি ছুটি এবং গ্রীষ্মকালীন ছুটি শেষে ১৭ ও ১৮ জুলাই (শুক্র ও শনিবার) আবারও সাপ্তাহিক ছুটি থাকায় প্রশাসনিক কার্যক্রমে টানা প্রায় ৯ দিনের বিরতি তৈরি হবে।
তবে এ ছুটি মূলত প্রশাসনিক কার্যক্রমের জন্য প্রযোজ্য। পরীক্ষা, ভর্তি, ক্লাস কিংবা অন্যান্য একাডেমিক কার্যক্রমের বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ বা কলেজের পৃথক নির্দেশনা অনুসরণ করতে হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।
ছুটি শেষে আগামী ১৯ জুলাই (রোববার) থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক কার্যক্রম যথারীতি শুরু হবে।
আরু/


