যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কড়া বার্তা দিয়ে বলেছেন, এখনই সমঝোতার পথে না এলে দেশটিকে ভয়াবহ সামরিক পরিণতির মুখোমুখি হতে হবে। তিনি দাবি করেন, চলমান সংকট নিরসনে এটি ইরানের জন্য ‘শেষ সুযোগ’ এবং চুক্তি না হলে কার্যত আত্মসমর্পণ ছাড়া আর কোনো পথ থাকবে না।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে একটি সমঝোতায় পৌঁছাতে হবে। অন্যথায় ইরানকে বড় ধরনের সামরিক হামলার মুখে পড়তে হবে। তিনি আরও দাবি করেন, পর্দার আড়ালে আলোচনা চলছে, যদিও তেহরান প্রকাশ্যে তা অস্বীকার করছে।
ট্রাম্পের ভাষায়, “ইরানের সামনে এখন দুটি পথ—একটি ভালো চুক্তি, নয়তো আত্মসমর্পণ।”
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে প্রয়োজন হলে আরও কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত।
তবে ট্রাম্পের এই বক্তব্য সরাসরি নাকচ করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা চলছে না এবং এ ধরনের বৈঠকেরও কোনো পরিকল্পনা নেই। তেহরানের দাবি, ওয়াশিংটন চাপ সৃষ্টি করতেই এমন বক্তব্য দিচ্ছে।
এদিকে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার কারণে হরমুজ প্রণালিকে ঘিরে অনিশ্চয়তা আরও বেড়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে নিরাপত্তা ঝুঁকি বাড়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারেও উদ্বেগ দেখা দিয়েছে।
বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে কূটনৈতিক সমাধান না এলে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা আরও বাড়তে পারে।
আরু/



