নির্মাতা রায়হান খানের কোর্টরুম ড্রামা ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। গত বছর সিনেমাটিতে যুক্ত হলেও শেষ পর্যন্ত এতে অভিনয় করছেন না তিনি।
নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর একটি মামলাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে এক তরুণ ব্যারিস্টারের চরিত্রে অভিনয় করার কথা ছিল নুসরাত ফারিয়ার। চরিত্রটি সত্যের পক্ষে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে।
সিনেমা থেকে সরে দাঁড়ানোর বিষয়ে নুসরাত ফারিয়া বলেন, নির্মাতা রায়হান খান তার খুব কাছের মানুষ। তবে সিনেমাটির অভ্যন্তরীণ কিছু সমস্যার কারণে এখন আর এতে থাকা সম্ভব হচ্ছে না।
ফারিয়া জানান, সিনেমাটির বেশির ভাগ অংশের শুটিং শেষ হলেও তার কোর্টরুমভিত্তিক দৃশ্যগুলোর শুটিং এখনো হয়নি। তাই নিজের অংশের শুটিং না করেই সিনেমাটি থেকে সরে যাচ্ছেন তিনি।
তবে নুসরাত ফারিয়ার বক্তব্যের সঙ্গে পুরোপুরি একমত নন নির্মাতা রায়হান খান। তিনি জানান, সিনেমা ছাড়ার বিষয়ে ফারিয়ার সঙ্গে তার কোনো আলোচনা হয়নি। তানিয়া বৃষ্টি ও মৌসুমী হামিদের অসুস্থতার কারণে বর্তমানে সিনেমাটির শুটিংও বন্ধ রয়েছে।
রায়হান খানের ধারণা, কোনো অভিমান থেকেই হয়তো নুসরাত ফারিয়া সিনেমাটি ছাড়ার কথা বলেছেন।
এদিকে বর্তমানে ‘লাপাত্তা’ ওয়েব ফিল্মের কাজ করছেন নুসরাত ফারিয়া। পাশাপাশি নতুন সিনেমা ‘লজ্জা’ -তেও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এতে তার সঙ্গে অভিনয় করবেন আজমেরী হক বাঁধন। আগামী ২০ সেপ্টেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
আরু|



