বলিউড তারকা ইমরান হাশমির রোমান্টিক সিনেমার ভক্তদের জন্য সুখবর। দীর্ঘ ১৮ বছর পর আবারও পর্দায় ফিরতে চলেছে জনপ্রিয় ‘জান্নাত’ ফ্র্যাঞ্চাইজি। প্রযোজক বিশেষ ভাট জানিয়েছেন, ‘জান্নাত ৩’ নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। এরই মধ্যে সিনেমাটির গল্প ও চিত্রনাট্য তৈরির কাজও শুরু হয়েছে।
২০০৮ সালে মুক্তি পাওয়া ‘জান্নাত’ ইমরান হাশমির ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা। কুণাল দেশমুখ পরিচালিত এবং মুকেশ ভাট প্রযোজিত এই রোমান্টিক ক্রাইম ড্রামায় ইমরানের বিপরীতে অভিনয় করেছিলেন সোনাল চৌহান। মুক্তির পর দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে সিনেমাটি। বিশেষ করে সিনেমাটির গানগুলো এখনো শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘জান্নাত ৩’ নিয়ে কথা বলেন প্রযোজক বিশেষ ভাট। সিনেমাটির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, ‘আওয়ারাপন ২’-এর পর ‘জান্নাত ৩’ নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে।
সিনেমাটির চিত্রনাট্য চূড়ান্ত হয়েছে কি না_এমন প্রশ্নের জবাবে বিশেষ ভাট জানান, বর্তমানে এ বিষয়েই কাজ চলছে। অর্থাৎ ‘জান্নাত ৩’-এর গল্প ও চিত্রনাট্য তৈরির প্রক্রিয়া এখনো চলমান।
২০০৮ সালের ১৬ মে মুক্তি পেয়েছিল ‘জান্নাত’। সিনেমায় ইমরান হাশমি অভিনয় করেন অর্জুন দীক্ষিত চরিত্রে। দ্রুত বড়লোক হওয়ার স্বপ্ন দেখা অর্জুন প্রথমে ছোটখাটো জুয়ার সঙ্গে যুক্ত থাকলেও ধীরে ধীরে ক্রিকেট বেটিংয়ের বড় চক্রে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তার যোগাযোগ তৈরি হয় আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে। অন্যদিকে সোনাল চৌহান অভিনয় করেন জোয়া চরিত্রে। প্রেম, অর্থ ও অপরাধজগতের টানাপোড়েন ঘিরেই এগিয়ে যায় সিনেমাটির গল্প।
‘জান্নাত’-এর সাফল্যের পর ২০১২ সালে মুক্তি পায় ‘জান্নাত ২’। কুণাল দেশমুখ পরিচালিত এই সিনেমাতেও অভিনয় করেন ইমরান হাশমি। তার সঙ্গে ছিলেন রণদীপ হুডা ও এষা গুপ্তা।
এবার তৃতীয় কিস্তির খবর সামনে আসতেই ইমরান হাশমির ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। তবে ‘জান্নাত ৩’-এ ইমরান হাশমি থাকছেন কি না, কিংবা থাকলে তার চরিত্র কী হবে_এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
তবে প্রযোজকের বক্তব্যে স্পষ্ট, ‘জান্নাত’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী অধ্যায় নিয়ে প্রাথমিক কাজ শুরু হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর অর্জুন দীক্ষিতের সেই পরিচিত জগতে দর্শক আবার ফিরতে পারবেন কি না, এখন সেটিই দেখার বিষয়।
আরু|



