অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার স্ত্রীর দেশ-বিদেশের সম্পদ, ব্যাংক হিসাব ও আর্থিক লেনদেনের তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পর্তুগাল, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে জমি ক্রয়, অর্থপাচার ও সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে এসব তথ্য ও নথি চাওয়া হয়েছে।
বিষয়টি বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন।
দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. জাহেদ কালামের স্বাক্ষরিত চিঠির সূত্রে জানা গেছে, আসিফ মাহমুদ ও তার স্ত্রীর নামে দেশের সব ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে থাকা চালু, সুপ্ত ও বন্ধ সব ধরনের হিসাবের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।
এ ছাড়া তাদের ডেবিট ও ক্রেডিট কার্ড, লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস এবং ঋণসংক্রান্ত নথিপত্রও চাওয়া হয়েছে।
চিঠিতে পর্তুগাল, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে জমি কেনা, অর্থপাচার এবং শেল কোম্পানি গঠনের সঙ্গে সংশ্লিষ্ট দলিল ও রেকর্ডপত্রের তথ্য চাওয়া হয়েছে। একই সঙ্গে বিদেশি সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগের মাধ্যমে ওই দেশগুলোতে তাদের কোনো ব্যাংক হিসাব বা বিনিয়োগ রয়েছে কি না, সে সম্পর্কেও বিএফআইইউর কাছে সংগৃহীত তথ্য চাওয়া হয়েছে।
এর আগে চলতি মাসের শুরুতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্তের কথা জানায় দুদক। পরে বিদেশে অর্থপাচার ও সম্পদ অর্জনসহ নতুন অভিযোগগুলোও চলমান অনুসন্ধানের সঙ্গে যুক্ত করার কথা জানানো হয়।
তবে এসব অভিযোগের সত্যতা অনুসন্ধানের মাধ্যমে যাচাই করছে দুদক। তথ্য চাওয়া বা অনুসন্ধান শুরু হওয়া অভিযোগ প্রমাণিত হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নয়।
আরু|



