রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়ার অভিযোগ করেছেন চিত্রনায়িকা পরীমণি। অনুষ্ঠান শেষে মধ্যরাতে বের হওয়ার সময় তার গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেছেন এই অভিনেত্রী। এ ঘটনায় দেশের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে নিজের ফেসবুক লাইভে এসে এসব অভিযোগ করেন পরীমণি।
পরীমণির অভিযোগ, গুলশান শুটিং ক্লাবে পাঁচ দিন ধরে চলা একটি অনুষ্ঠানের শেষ দিনে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। অনুষ্ঠানে তার পরিবেশনার নির্ধারিত সময়ে তিনি মঞ্চে উঠতে পারেননি। তবে দর্শকরা পুরো অনুষ্ঠান উপভোগ করেছেন বলে জানান তিনি।
ফেসবুক লাইভে পরীমণি বলেন, পুরো অনুষ্ঠান শেষ হওয়ার পর একজন হঠাৎ আক্রমণাত্মকভাবে চিৎকার শুরু করেন। তার ভাষ্য, কারও কোনো ক্ষোভ বা অভিযোগ থাকলে সরাসরি তার সঙ্গে কথা বলা উচিত ছিল। অনুষ্ঠানে অন্য শিল্পীরাও উপস্থিত ছিলেন। তাদেরও যেন কোনো ধরনের হেনস্তার শিকার হতে না হয়, সে বিষয়টি তুলে ধরেন তিনি।
পরীমণির দাবি, অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তার গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। পরিস্থিতির কারণে তিনি গাড়িতে উঠতেও পারেননি। একপর্যায়ে থানায় ফোন করতে বাধ্য হন।

পুলিশের উপস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি বলেন, গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে থাকার পরও তাকে সেখান থেকে বের করতে পারছিল না। পরে অতিরিক্ত পুলিশ ডাকা হয়। এ সময় প্রশ্ন তুলে তিনি বলেন, ‘তাহলে দেশটা কার হাতে? কোথায় এই দেশের নিরাপত্তা?’
এ ছাড়া অনুষ্ঠানের স্টল ভাঙচুরের অভিযোগও করেন পরীমণি। এসব ঘটনার দায় কে নেবে, তা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, শিল্পীরা যদি অনুষ্ঠানে এসে হেনস্তার শিকার হন, তাহলে এর দায়িত্ব কে বহন করবে? তার সঙ্গে কারও ব্যক্তিগত ক্ষোভ থাকলে সরাসরি বসে কথা বলার আহ্বানও জানান তিনি।
অন্যদিকে, এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর বলেন, সেখানে একটি সমস্যা হয়েছিল। পরীমণি চলে গেছেন, এরপর আর কোনো ঝামেলা হয়নি। ভাঙচুরের কোনো ঘটনা ঘটেছে কি না, তা তার জানা নেই। তিনি আরও জানান, পরীমণি সুস্থভাবে ফিরে গেছেন।
এর আগে একটি মামলায় আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন পাওয়ার পর এক সাংবাদিকের সঙ্গে অপ্রীতিকর ঘটনার অভিযোগে আলোচনায় আসেন পরীমণি। এর মধ্যেই গুলশান শুটিং ক্লাবের অনুষ্ঠানে গাড়িতে হামলা ও ভাঙচুরের নতুন অভিযোগ সামনে আনলেন এই চিত্রনায়িকা।
আরু|



