টাঙ্গাইলের গোপালপুরে দুই মাথা, চার হাত ও চার পা বিশিষ্ট এক জোড়া শিশুর জন্ম হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) রাতে পৌর শহরের কাজীবাড়ী এলাকার শিরিন শহীদ হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নবজাতকটি উপজেলার মির্জাপুর ইউনিয়নের দিঘলআটা গ্রামের সাগর ও নুপুর দম্পতির সন্তান। প্রসবের জন্য নুপুরকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। পরে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নবজাতকের দুটি মাথা, চারটি হাত ও চারটি পা রয়েছে। তবে শরীরের পেট একটি। জন্মের পর শিশুটির শারীরিক গঠনের বিষয়টি ছড়িয়ে পড়লে নবজাতককে একনজর দেখতে হাসপাতালে ভিড় করেন উৎসুক মানুষ।
শিশুটির অস্ত্রোপচারকারী চিকিৎসক ডা. মো. নাদিম হোসেন জানান, চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এ ধরনের জন্মকে ‘কনজয়েন্ট টুইনস’ বা সংযুক্ত যমজ বলা হয়। সফল অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া লাগানো অবস্থায় শিশুটির জন্ম হয়েছে। দুই শিশুর মধ্যে একজনের পুরুষাঙ্গ থাকলেও অন্যজনের তা নেই।
চিকিৎসক আরও জানান, বর্তমানে মা ও নবজাতক ভালো আছে। তবে উন্নত চিকিৎসা ও পরবর্তী পর্যবেক্ষণের জন্য নবজাতককে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আরু|



