আগামী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাসের সরবরাহ কমতে যাচ্ছে। কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে টানা তিন দিন বন্ধ থাকবে টার্মিনালটির কার্যক্রম। এতে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ কমে যাওয়ায় সারা দেশে গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্প চাপ দেখা দিতে পারে।
রোববার (১ নভেম্বর) পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সামিট এলএনজি টার্মিনালের রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। এ সময়ে জরুরি রক্ষণাবেক্ষণের কাজ করা হবে।
বর্তমানে জাতীয় গ্যাস গ্রিডে প্রতিদিন গ্যাসের সরবরাহ প্রায় ৯২০ মিলিয়ন ঘনফুট। তবে টার্মিনালটির কার্যক্রম বন্ধ থাকাকালে সরবরাহ ৩২০ মিলিয়ন ঘনফুট কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে।
ফলে আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ বিভিন্ন পর্যায়ের গ্রাহকদের গ্যাস ব্যবহারে সাময়িক অসুবিধা হতে পারে। বিশেষ করে দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এর আগে গত বছরের ডিসেম্বরেও একই ধরনের রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়েছিল।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা কর্তৃপক্ষ।
আরু|



