আওয়ামী লীগের নেতারা ভারত থেকে বাংলাদেশে ফিরতে শুরু করেছেন বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। তাঁর অভিযোগ, বিএনপির কিছু নেতাকর্মীও টাকার বিনিময়ে আওয়ামী লীগের নেতাদের আশ্রয় দিচ্ছেন। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর শাজাহানপুর রেলওয়ে কলোনি অফিসার্স ক্লাবে ঢাকা-৮ আসনের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা আব্বাস।
তিনি বলেন, আওয়ামী লীগের কয়েকজন নেতা ভারত থেকে বাংলাদেশে এসেছেন বলে তিনি শুনেছেন। তাঁরা বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছেন। এ পরিস্থিতিতে নেতাকর্মীদের চোখ-কান খোলা রাখার আহ্বান জানান তিনি।
বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে অর্থের বিনিময়ে আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলে মির্জা আব্বাস বলেন, দলের ভেতরে কিংবা বাইরে যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত, তাদের সবাইকে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। আত্মীয় কিংবা ঘনিষ্ঠজন হলেও কাউকে ছাড় দেওয়া যাবে না। বিএনপির অভ্যন্তরে কেউ আওয়ামী লীগের নেতাদের দেশে আসার সুযোগ করে দিলে দলকে জানানোর আহ্বানও জানান তিনি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বিএনপির এই নেতা।
বক্তব্যে বিরোধী রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, বিএনপি এখনো মাঠে নামেনি। দল মাঠে নামলে প্রতিপক্ষের পালানোর পথ থাকবে না। বিরোধী দলে থাকা অবস্থায় কেউ কেউ শত শত কোটি টাকা কীভাবে উপার্জন করেছেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এ ছাড়া বিভিন্ন ব্যক্তির সম্পদ ও জীবনযাত্রা নিয়ে সমালোচনা করেন মির্জা আব্বাস। তাঁর অভিযোগ, অল্প বয়সী কিছু ব্যক্তি পড়াশোনা শেষ করেই অস্বাভাবিক সম্পদের মালিক হচ্ছেন।
আওয়ামী লীগের সঙ্গে কয়েকজনের যৌথ বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিএনপিকে ক্ষমতা থেকে সরানোর পরিকল্পনা করা হচ্ছে বলে তিনি শুনেছেন। তবে বিএনপিকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। বিএনপির সঙ্গে পেরে ওঠা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি।
মির্জা আব্বাস আরও বলেন, কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যেতে চাইলে জনগণের ভোটের মাধ্যমেই যেতে হবে। বিকল্প পথে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে দেশের মানুষ তার জবাব দেবে।
বিএনপিকে দুর্বল ভাবার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বের কাছ থেকে সহজে ক্ষমতা নেওয়া সম্ভব হয়নি। ক্ষমতা নিতে হলে ভোটের মাধ্যমেই নিতে হবে।
সভায় তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বিএনপি আগামী দিনেও জনগণের ভোটে ক্ষমতায় আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আরু|



