প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে একনেকের সভা শুরু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ে এ সভা শুরু হয়।
সভায় দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগসহ মোট ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৬৫ হাজার ৫১৭ কোটি ২৬ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ২৫ হাজার ২৭৮ কোটি ১২ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৪০ হাজার ১৬৬ কোটি ৬৭ লাখ টাকা। প্রকল্পগুলোর মধ্যে ১২টি নতুন এবং চারটি সংশোধিত।
প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ। ‘ইমপ্লিমেন্টেশন অব ইলেকট্রিক ট্রাকশন অ্যালং নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর’ প্রকল্পের আওতায় ৫২ কিলোমিটার রেলপথে বৈদ্যুতিক ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। প্রকল্পটির প্রস্তাবিত ব্যয় প্রায় ৩ হাজার ৮২৩ কোটি ৫২ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৯৪২ কোটি টাকা; বাকি অর্থ উন্নয়ন সহায়তা হিসেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) থেকে আসার কথা রয়েছে।
এ ছাড়া একনেকের সভায় ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের লাইন-৫-এর দক্ষিণ রুট বাস্তবায়নের প্রস্তাবও রয়েছে। এ প্রকল্পের প্রস্তাবিত ব্যয় ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭ লাখ টাকা, যা এবারের তালিকায় সবচেয়ে বড় প্রকল্প।
এ ছাড়া বগুড়া-সিরাজগঞ্জ ডুয়েলগেজ রেলপথ, স্বাস্থ্য, সড়ক, প্রতিরক্ষা, পানিসম্পদ, আর্থিক খাত এবং ডিজিটাল ভূমি ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতের প্রকল্পও সভায় বিবেচনার জন্য রাখা হয়েছে।
একনেকের অনুমোদন পেলে এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের রেল, গণপরিবহনসহ বিভিন্ন অবকাঠামো ও সেবা খাতে বড় ধরনের বিনিয়োগ কার্যক্রম এগিয়ে যাবে।
আরু|



