ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাতে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে দুটি বিস্ফোরণ হয়েছে জগন্নাথ হলের সামনে এবং আরেকটি টিএসসি মেট্রোরেল স্টেশনের কাছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, জগন্নাথ হলের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কারা বা কীভাবে এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে, প্রত্যক্ষদর্শীদের বরাতে বিভিন্ন প্রতিবেদনে জগন্নাথ হলের সামনে পরপর দুটি বিস্ফোরণ এবং টিএসসি এলাকায় আরেকটি বিস্ফোরণের কথা বলা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ঘটনাটি ঘিরে বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিস্ফোরণের সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
আরু|



