ধর্মীয় বক্তা ডা. জাকির নায়েককে ভারতের কাছে প্রত্যার্পণের বিষয়টি নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি সফরে থাকা আনোয়ার ইব্রাহিম ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।
আনোয়ার বলেন, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তার ব্যক্তিগত বৈঠক হয়েছে। বৈঠকে জাকির নায়েকের বিষয়টি তোলেন নরেন্দ্র মোদি। তবে এ বিষয়ে তিনি মোদিকে কী জবাব দিয়েছেন, তা বিস্তারিত জানাননি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
এনডিটিভির প্রশ্নের জবাবে আনোয়ার ইব্রাহিম বলেন, ব্যক্তিগত আলোচনায় বিষয়টি নিয়ে কথা হয়েছে। তবে ভারত-মালয়েশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্কের স্বার্থে এ ধরনের আলোচনা অত্যন্ত গোপন রাখা প্রয়োজন।
তিনি বলেন, দুই দেশের মধ্যে বিশ্বাস ও সম্পর্ক আরও জোরদারের বিষয়টি তাদের কাছে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে জাকির নায়েককে প্রত্যার্পণের বিষয়টিও তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।
তবে প্রত্যার্পণের আগে মালয়েশিয়াকে দেশটির আইন ও শাসনব্যবস্থার বিষয়টি বিবেচনায় নিতে হবে বলেও জানান আনোয়ার।
তার ভাষ্য, ভারত জাকির নায়েককে ফেরত চাওয়ার বিষয়ে মালয়েশিয়ার কিছুটা ধারণা রয়েছে। কিন্তু পুরো বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে এবং আইনের শাসন ও দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতি সম্মান রেখেই এগোতে হবে।
জাকির নায়েক ২০১৬ সালে ভারত ছাড়েন। এরপর থেকে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন এবং দেশটির স্থায়ী নাগরিকত্ব পেয়েছেন।
ভারতীয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে অর্থপাচার ও উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ করে আসছে। তাকে দেশে ফেরাতে ভারত আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগও নিয়েছিল। তবে অভিযোগের পক্ষে পর্যাপ্ত তথ্য-প্রমাণ না থাকায় ইন্টারপোল সেই অনুরোধ গ্রহণ করেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, জাকির নায়েককে ভারত ফেরত পাঠানোর বিষয়ে মোদি-আনোয়ারের আলোচনার পর বিষয়টি আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছে।
আরু|



