দেশের বাজারে কাঁচা মরিচের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকট মোকাবিলায় ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে।
সোমবার প্রথম চালানে বেনাপোল স্থলবন্দর দিয়ে ৯ টন ২০০ কেজি কাঁচা মরিচ দেশে প্রবেশ করে। বন্দরের আনুষ্ঠানিকতা শেষে একই দিন সন্ধ্যায় চালানটি ঢাকার উদ্দেশে পাঠানো হয়।
জানা গেছে, প্রথম চালানটি আমদানি করেছে শিমু এন্টারপ্রাইজ। বন্দর থেকে পণ্য খালাসের দায়িত্বে ছিল শিমু শিপিং লাইন্স। বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন জানান, মরিচবাহী ট্রাক বন্দরে পৌঁছানোর পর দ্রুত কাগজপত্র যাচাই ও শুল্ক সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করে খালাস দেওয়া হয়েছে। সীমান্তের ওপারেও আরও কয়েকটি ট্রাক দেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে।
আমদানিকারক শাহাজান জানান, পরিবহন, শুল্ক, কাস্টমস, খালাসসহ সব মিলিয়ে প্রতি কেজি কাঁচা মরিচ আমদানিতে তার মোট খরচ প্রায় ১৩৫ টাকা পড়ছে। তিনি বলেন, সামান্য লাভ রেখে বাজারে বিক্রি করা হবে। তবে কাস্টমসের জটিলতা ও অতিরিক্ত ব্যয়ের কারণে আমদানিকারকদের লোকসানের আশঙ্কা রয়েছে।
আমদানিকারক শাহাজান জানান, পরিবহন, শুল্ক, কাস্টমস, খালাসসহ সব মিলিয়ে প্রতি কেজি কাঁচা মরিচ আমদানিতে তার মোট খরচ প্রায় ১৩৫ টাকা পড়ছে। তিনি বলেন, সামান্য লাভ রেখে বাজারে বিক্রি করা হবে। তবে কাস্টমসের জটিলতা ও অতিরিক্ত ব্যয়ের কারণে আমদানিকারকদের লোকসানের আশঙ্কা রয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সরকারের অনুমোদনের পর ভারতের বিভিন্ন অঞ্চল, বিশেষ করে নাসিক থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। প্রথম ধাপে ৬৯ জন ব্যবসায়ী মোট ২৯ হাজার ৭১০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি (আইপি) পেয়েছেন এবং সোমবার থেকেই আমদানি কার্যক্রম শুরু হয়েছে।
আমদানি-সংক্রান্ত নথি অনুযায়ী, প্রতি টন কাঁচা মরিচের ঘোষিত মূল্য ২৩ হাজার ৮৭৫ টাকা, অর্থাৎ প্রতি কেজির মূল্য প্রায় ২৪ টাকা। এর সঙ্গে কেজিপ্রতি প্রায় ৪৫ টাকা শুল্ক যোগ হয়। ফলে প্রাথমিক হিসাবে আমদানি ব্যয় দাঁড়ায় প্রায় ৭৮ টাকা। তবে পরিবহন, খালাস ও অন্যান্য আনুষঙ্গিক খরচ যুক্ত হওয়ায় প্রকৃত ব্যয় আরও বেড়ে যাচ্ছে বলে দাবি আমদানিকারকদের।
সম্প্রতি অতিবৃষ্টি ও উৎপাদন ব্যাহত হওয়ায় দেশের বিভিন্ন বাজারে কাঁচা মরিচের দাম হঠাৎ বেড়ে যায়। এতে সাধারণ ক্রেতারা ভোগান্তিতে পড়েন। সরকার আশা করছে, ভারত থেকে নিয়মিত আমদানি শুরু হলে বাজারে সরবরাহ বাড়বে এবং কাঁচা মরিচের দাম ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে।
আরু/



