মোঃ সোহেল,কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়া মাতামুহুরী নদীতে মাছ ধরতে নেমে নিখোঁজ মনছুর ও মুবিন নামের দুই যুবকের মরদেহ ৬ ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা ।বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীর পূর্ব বড় ভেওলার আনিছপাড়াস্থ এলাকায় নদীতে মাছ ধরতে নেমে নিখোঁজের ঘটনা ঘটে।
পরে বিকাল ৪টার দিকে মৃত অবস্থায় নিখোঁজ দুই যুবকের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। নিহত দুই যুবক হলেন- চকরিয়া উপজেলার পুর্ব বড় ভেওলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ কালাগাজি সিকদার পাড়ার ইদ্রিস মিয়ার ছেলে মনছুর আলম (২১) ও ৭নং ওয়ার্ডস্থ সিকদার পাড়া গ্রামের আবদুস সালামের ছেলে মো.মুবিন (১৮)।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না জানান, সকালে মাতামুহুরী নদীর বেতুয়াবাজার পয়েন্টে নদীর মাঝখানে জাগ দিয়ে মাছ ধরতে যায় দুই যুবক মনছুর আলম ও মুবিন। একপর্যায়ে দীর্ঘক্ষণ পানিতে ডুব দিয়ে না উঠায় নদীর তীরে থাকা লোকজন খোঁজ নিতে থাকেন। পরে চকরিয়া ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দেওয়া হয়। চট্টগ্রাম থেকে ডুবুরির দল এসে দুপুর ৪টার দিকে নিখোঁজ দুই যুবককে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, দীর্ঘ অভিযান শেষে উদ্ধার হওয়া দুই যুবকের মৃতদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।