
উপজেলা প্রতিনিধি (মাটিরাঙ্গা) : খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । ১২ ফেব্রুয়ারি (সোমবার) বিকেল চারটার দিকে সংগঠনের স্থানীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনোপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা’র মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি মো: আমানুল্যাহ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাংবাদিক ত্রিপনময় ত্রিপুরা, সাঈদুর রহমান, আবুল হাশেম ও তৌহিদুল আলম মঞ্জু প্রমুখ।
প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় বক্তারা বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা সাংবাদিকদের অধিকারের কথা বলে নির্ভয়ে। দেশে এবং প্রবাসে যেখানেই সাংবাদিকরা নির্যাতন ও নিপীড়নের শিকার হন সেখানে জাতীয় সাংবাদিক সংস্থা প্রতিবাদ করে। ভবিষ্যতেও সাংবাদিকদের অধিকার সুরক্ষায় সংগঠনটি আপোষহীন ভূমিকা পালন করবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কান্ত মণি ত্রিপুরা, বিপ্লব ত্রিপুরা, লুৎফর রহমান ও মোহাম্মদ আলমগীরসহ আরও অনেকে।
প্রতিষ্ঠা বার্ষিকীর সভা সঞ্চালনা করেন সংগঠনের মাটিরাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ কেফায়েত উল্লাহ।









