নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি চট্টগ্রাম বিভাগ এর উদ্যোগে জিইসি কনভেনশন হলে ১৩তম ফার্নিচার মেলা শুরু হতে যাচ্ছে ।
আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
এই উপলক্ষে রবিবার ৪ ফেব্রুয়ারি দুপুরে নগরীর জিইসি মোড়স্থ একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি চট্টগ্রাম বিভাগের সিনিয়র সহ সভাপতি ও মেলা কমিটি ২০২৪ এর আহ্বায়ক মোঃ নুরুল আযম খান।
তিনি বলেন, মৌলিক চাহিদা না হলেও রুচিশীল ও সৌখিন মানুষের প্রথম পছন্দ আধুনিক ডিজাইনের আসবাবপত্র। অফিস ও ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে মানুষের অগ্রহ সবসময় আসবাবপত্রের নিত্য নতুন ও আধুনিক ডিজাইনের দিকে। প্রযুক্তির কল্যাণে আসবাবপত্রের নিত্য নতুন ডিজাইন এখন মানুষের হাতে মুঠোয়। মানুষ ঐ সকল ডিজাইনগুলো দেশীয় প্রতিষ্ঠানে খুঁজে বেড়ায়। রুচিশীল এ সকল মানুষের চাহিদার কথা মাথায় রেখে বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির আওতাভুক্ত সকল ফার্নিচার প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতামূলক বিশ্বের সাথে তাল মিলিয়ে আন্তর্জাতিকমানের আসবাবপত্র তৈরি করে থাকে। আমাদের তৈরি আসবাপত্রগুলো দেশের গন্ডি ছাড়িয়ে এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। এবারের মেলায় মোট ২৭টি প্রতিষ্ঠান অংশ নিবে। এ মেলায় ১২টি প্রতিষ্ঠান কো-স্পন্সর হয়েছে। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীরা মেলা পরিদর্শন করতে পারবেন। মেলা উপলক্ষে অংশগ্রহণকারী আসবাবপত্র তৈরি প্রতিষ্ঠানগুলো বিশেষ ছাড় প্রদান করছেন। এ মেলার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব দেয়া হয়েছে চট্টগ্রামের স্বনামধন্য ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান চিটাগাং ইভেন্টসকে।
ফার্নিচার শিল্প ও বিকাশে এ মেলার গুরুত্ব রয়েছে। আমদানি নির্ভরতা কমিয়ে ফার্নিচার শিল্পকে রপ্তানিমুখী শিল্পে পরিণত করা এ মেলা আয়োজনের মূল লক্ষ্য। ফার্নিচার শিল্পে সরকার যদি পৃষ্ঠপোষকতা ও ঠিকমত তদারকি করেন তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমরা আশাবাদী এবং বিশ্বাস করি এ শিল্প একদিন দেশের সবচেয়ে বড় রপ্তানিমুখী শিল্পে পরিণত হবে। আগামী ৬ ফেব্রুয়ারি সকাল ১২টায় প্রধান অতিথি হিসেবে এ মেলায় উপস্থিত থাকবেন এফবিসিসিআই এর প্রেসিডেন্ট জনাব মাহবুবুল আলম। মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সি.এম.পি পুলিশ কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পি.পিএম (বার)।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি চট্টগ্রাম বিভাগের সভাপতি ছৈয়দ এ এস এম নূরউদ্দীন, বাংলাদেশ শিল্প ফার্নিচার মালিক সমিতি চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক মো: মাকছুদুর রহমান, মেলা কমিটি-২০২৪ এর যুগ্ম আহ্বায়ক আল মো: ইকবাল, মেলা কমিটির সদস্য মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী, হাজী মো: জসিম উদ্দিন মোহাম্মদ ইয়াছিন, সৈয়দুর রহমান আজিজ, মোঃ ওসমান গনি সুমন প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন- চিটাগাং ইভেন্টস এর চেয়ারম্যান মো: সাহাবুদ্দিন, এম ডি তাসরিনা উদ্দিন, মেলা কমিটি ২০২৪ এর চীফ কো-অডিনেটর ও চিটাগাং ইভেন্টস এর সি.ই.ও মো: মনজুরুল ইসলাম রায়হান, ইভেন্ট এক্সিকিউটিভ মো: রাসেল, মোঃ মেহেদী, ওমর ফারুক প্রমুখ।