জহিরুল ইসলাম সুমন কুমিল্লা প্রতিনিধি :
প্রধানমন্রীর রাজনৈতিক উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরী বলেছেন, শিক্ষা ও স্বাস্থ্য রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি চৌদ্দগ্রামের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করবো। স্বাস্থ্যসেবার জন্য ইতিমধ্যে চৌদ্দগ্রামে ডায়াবেটিস হাসপাতাল প্রতিষ্ঠিত করা হয়েছে। সরকারি হসপিটালকেও আধুনিকয়ানের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে ইনশাআল্লাহ। শিক্ষা, স্বাস্থ্য ও আইন শৃঙ্খলার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সকলেই আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবেন। দুর্নীতিবাজ, ঘুষখোর ও আইন শৃঙ্খলা বিঘ্নকারীদের সাথে আমার কোন সম্পর্ক থাকবে না।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। আমাদের চৌদ্দগ্রামেও অনেক উন্নয়ন হয়েছে। উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের মাননীয় সংসদ সদস্য মুজিবুল হকসহ রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা নিয়ে কাজ করে যাবো।
তিনি শনিবার সকালে চৌদ্দগ্রাম পৌরসভার সম্মেলন কক্ষে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় কালে এসব কথা বলেন।
পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব
আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী, আবদুল্লাহ আল হাসান, মেজর জেনারেল (অব:) হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এবিএম এ বাহার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আকতার হোসেন পাটোয়ারী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, যুবলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমেদ খোকন, ইউপি চেয়ারম্যান মাহবুব হোসেন মজুমদার, কাজী ফখরুল আলম ফরহাদ, মোশারেফ হোসেনসহ পৌরসভার কাউন্সিলর ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে তিনি উপজেলা পরিষদ চত্বরে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার গ্রহণ করেন, চৌদ্দগ্রাম ডায়াবেটিস হাসপাতাল পরিদর্শন করেন।
পরে তিনি নিজ এলাকায় গরীব ও দুস্থদের মাঝ কম্বল বিতরণ করেন এবং তার মা-বাবা ও শাহ সুফি আবদুর রহমানের মাজার জিয়ারত করেন।