মোহাম্মদ কেফায়েত উল্লাহ (খাগড়াছড়ি থেকে) :
সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিং করার অপরাধে এক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। আজ (১৫ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর।
গ্রেফতারকৃত শিক্ষকের নাম উদয়ন ত্রিপুরা। জনৈক নারী স্কুল স্কুল শিক্ষককে দীর্ঘদিন ধরে হেনস্থা করে আসছিল অভিযুক্ত স্কুল শিক্ষক।
সংশ্লিষ্টসূত্রে জানা যায়, গ্রেফতারকৃত উদয়ন ত্রিপুরা সদর উপজেলার অমৃতপাড়া এলাকার রঞ্জিত ত্রিপুরার ছেলে ও ভাইবোন ছড়া ইউনিয়নের বলং হামারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
জানা যায়, ফেইসবুকে একটি ফেইক আইডি থেকে ভিকটিম স্কুল শিক্ষকের মেসেঞ্জারে (ভিকটিমের একটি ছবি) এডিট করে অশ্লীলভাবে পাঠানো হয়। এছাড়াও বিভিন্ন সময়ে ওই আইডিতে নানা অশ্লীল লেখালেখি করে ভিকটিমকে হেনস্থা করা হয়। এ বিষয়ে গত ১৩ জানুয়ারি ভুক্তভোগী শিক্ষক ফেইসবুক আইডিটির বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে খাগড়াছড়ি সদর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশের সাইবার টিম প্রযুক্তির সহায়তায় আইডি শনাক্ত করে ব্যবহৃত ডিভাইসসহ অভিযুক্ত উদয়ন ত্রিপুরাকে গ্রেফতার করে।
খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর জানান, গ্রেফতারকৃতকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।