
মোঃ মুরাদ মিয়া,শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুর জেলার নকলা উপজেলাতে বড়শি দিয়ে মাছ শিকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১০ নভেম্বর শুক্রবার দুপুর থেকে শুরু হয়ে ১১ নভেম্বর শনিবার সন্ধ্যা পর্যন্ত উপজেলার টালকী ইউনিয়নের বড়বিলা বিলে মাছ শিকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এই প্রতিযোগিতায় রাজধানী ঢাকার সাভার এলাকার শিকারিসহ দেশের বিভিন্ন জেলা, উপজেলা থেকে শৌখিন মৎস্য শিকারিরা অংশ নেয়। এতে নির্দিষ্ট সময়ের মধ্যে যে শিকারি সর্বোচ্চ ওজনের সবচেয়ে বড় মাছ বড়শি দিয়ে শিকার করেন এমন ৩ জনকে বড়বিলা মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে আকর্ষণীয় পুরষ্কার প্রদান করা হয়।
দিন শেষে সকল শিকারিদের শিকার করা বড় মাছটি ওজন করে সর্বোচ্চ ওজনের বড় মাছ শিকারি তিনজনকে বিজয়ী ঘোষণা করা হয়। পরে প্রথম বিজয়ীর হাতে পুরষ্কার হিসেবে ২৪ ইঞ্চি এলইডি নতুন টেলিভিশন, দ্বিতীয় বিজয়ীর হাতে পুরষ্কার হিসেবে একটি স্মার্ট মোবাইল ও তৃতীয় বিজয়ীর হাতে একটি সাধারণ বাটন মোবাইল পুরষ্কার হিসেবে তুলে দেয়া হয়।
এউপলক্ষে বড়বিলা মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে বড়বিলা বিলের পাড়ে বড়বিলা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে পুরষ্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টালকী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি ও বড়বিলা বিলের ইজারাদার মো. আনোয়ার হোসেন, নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, বড়বিলা মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক রফিক মিয়া।
সর্বোচ্চ ওজনের বড় মাছ শিকারি হিসেবে নকলা উপজেলার টালকী ইউনিয়নের মজিদবাড়ী এলাকার আজিজুল হক ও পশ্চিম পোয়াভাগ এলাকার আপেলের হাতে ২৪ ইঞ্চি এলইডি নতুন টেলিভিশন, দ্বিতীয় সর্বোচ্চ ওজনের মাছ শিকারি টালকী ইউনিয়নের ফুলপুর এলাকার আলী আকবরের হাতে নতুন একটি স্মার্ট মোবাইল ফোন ও তৃতীয় সর্বোচ্চ ওজনের মাছ শিকারি রাজধানী ঢাকার সাভারের মো. নাজিম উদ্দিনের হাতে একটি সাধারণ বাটন মোবাইল পুরষ্কার হিসেবে তুলে দেন অতিথিবৃন্দ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বড়বিলা বিলের পানিতে ও পাড়ে অন্তত ২০টি মাচা করা হয়েছে। প্রতিটি মাচায় সর্বনিম্ন তিনজন থেকে সর্বোচ্চ সাতজন বড়শি দিয়ে মাছ ধরার সুযোগ পেয়েছেন। প্রতি মাচার ফি নির্ধার ছিলো ১০ হাজার টাকা করে।









