ঢাকার আশুলিয়া থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় মোসা. সিমু আক্তার বৃষ্টি ওরফে ‘মিষ্টি সুভাসকে’ গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগ শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন কারাগার থেকে মিষ্টি সুভাসকে আদালতে হাজির করা হয়। দুপুর ১২টার পর তাকে হাজতখানা থেকে কাঠগড়ায় নেওয়ার সময় অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে যান তিনি। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে ধরে আবার হাজতখানায় নিয়ে যান। কিছুটা সুস্থ হলে তাকে ফের আদালতে হাজির করা হয়।
শুনানি চলাকালে বিচারকের কাছে কথা বলার অনুমতি চান মিষ্টি সুভাস। এ সময় তিনি বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তিনি জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়েছিলেন, যা কোনো অপরাধ নয়। তাকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে বলেও দাবি করেন তিনি।
মিষ্টি সুভাস আরও বলেন, জামিন পাওয়ার পর তাকে একের পর এক মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে। তিনি কোনো অন্যায় করেননি দাবি করে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন।’
এদিকে আসামিপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী তাকে এ মামলায় গ্রেপ্তার না দেখানোর আবেদন করেন। তবে শুনানি শেষে আদালত তাকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে গ্রেপ্তার হন মিষ্টি সুভাস। পরে তাকে আরও চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় জামিন পাওয়ার পর কারামুক্তির অপেক্ষায় ছিলেন তিনি।
তবে কারাগারে থাকা অবস্থায় গত ৯ সেপ্টেম্বর আশুলিয়া থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আতোয়ার রহমান নতুন করে হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। ওইদিন আসামির উপস্থিতিতে শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করেন আদালত।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার আশুলিয়ার বাইপাইল মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন কিশোর মো. আবির।
এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অস্ত্রধারীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালায় বলে মামলায় উল্লেখ করা হয়। তাদের গুলিতে আবির গুরুতর আহত হন বলে অভিযোগ করা হয়েছে
এ ঘটনায় ২০২৪ সালের ৩১ অক্টোবর আশুলিয়া থানায় হত্যাচেষ্টা মামলাটি দায়ের করা হয়।
আরু|



